
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
এদিকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে, যার ফলে বৃষ্টির প্রবণতা রয়েছে। দেশের নদীবন্দরগুলোকেও স্থানীয়ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়ার এমন অবস্থায় জনসাধারণকে বৃষ্টি ও বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।