
পলিথিনবিরোধী অভিযান চালিয়ে পিরোজপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় ৮১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি পলিথিন উৎপাদন কারখানা বন্ধ করে দেওয়া হয় এবং আদায় করা হয় ৩৫ হাজার টাকা জরিমানা।
সোমবার (২১ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে এসব অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উৎপাদন, বাজারজাত, বিক্রয় ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে তিন জেলার ৩টি ভ্রাম্যমাণ আদালত ২টি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করে। একইসঙ্গে ৮১০ কেজি পলিথিন ছাড়াও ২টি ওজন মাপার যন্ত্র, ৩টি পলিথিন উৎপাদন মেশিন এবং ১টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
গাজীপুরে অভিযানকালে একটি অবৈধ পলিথিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তা বন্ধ করে দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে স্থানীয় সুপারশপ ও দোকান মালিকদের পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পলিথিন দূষণ রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।