
পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে পরিবারকেই ভিত্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “সরকার সবকিছু ঠিক করে দেবে—এমন ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে।”
শুক্রবার (১৯ জুলাই) রাজধানীর পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতার প্রশংসা করে উপদেষ্টা বলেন, “এই প্রতিযোগিতাগুলো শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করেছে। অভিভাবকদের সচেতন অংশগ্রহণই একে সফল করেছে। এখান থেকেই গড়ে উঠবে ভবিষ্যতের পরিবেশ রক্ষাকারী নেতৃত্ব।”
তিনি আরও বলেন, “প্রকৃতির সঙ্গে শিশুদের বন্ধুত্ব গড়ে তুলতে হবে। গাছ কাটার পরিণতি, শব্দদূষণের প্রভাব বা পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে ছোটবেলা থেকেই তাদের সচেতন করতে হবে। পরিবেশ রক্ষার ভিত্তি হবে আইন নয়, বরং মূল্যবোধ।”
উপদেষ্টা পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, “শব্দদূষণ রোধ, বিদ্যুৎ ও পানির সাশ্রয়, সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দ এড়িয়ে চলা—এসব ছোট ছোট অভ্যাসই পরিবেশ শিক্ষার অংশ।” তিনি পরিবেশ বিষয়ক প্রতিযোগিতার বিজয়ীদের কাজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রদর্শনের মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়ানোরও আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ সোহরাব আলি।
অনুষ্ঠানে উপদেষ্টা চিত্রাঙ্কন, বিতর্ক, রচনা, প্রকল্প প্রস্তাবনা ও পরিবেশ মেলার শ্রেষ্ঠ স্টল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।