
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই প্রত্যয়ে দিনাজপুর জেলা প্রশাসনের পরিকল্পনায় এবং বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৯ জুলাই) ৪২ হাজার গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সকালে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের রাস্তার দুই পাশে এই বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হাসান। তার সঙ্গে ছিলেন আটগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুরিন তানভির চৌধুরী বিতু ও ইউনিয়ন সচিব গোলাম মো. আদিল।
ইউএনও মারুফ হাসান বলেন, “বৃক্ষ শুধু অক্সিজেনই দেয় না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের এই মহৎ উদ্যোগ।”
তিনি আরও জানান, জেলার পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুরে ৮ লাখ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে মিলিয়ে মোট ৪২ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
এই কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।