
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ (১৮ জুলাই) শুক্রবার আবহাওয়া অফিসের ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সারাদেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। পাশাপাশি সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা মৌসুমে স্বাভাবিক বৃষ্টিপাত চলমান রয়েছে এবং আগামী কয়েক দিন এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে।