
দেশজুড়ে চলমান মৌসুমি বায়ুর প্রভাবে আগামী চার দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৮ জুলাই, শুক্রবার:
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও বরিশালের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনার দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১৯ জুলাই, শনিবার:
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনার কয়েকটি এলাকায়ও বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২০ জুলাই, রোববার:
রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের অনেক স্থানে এবং খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে তাপমাত্রা স্থিতিশীল থাকবে।
২১ জুলাই, সোমবার:
রংপুর, ময়মনসিংহ ও সিলেটের পাশাপাশি চট্টগ্রাম বিভাগেও অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বর্ধিত পূর্বাভাস:
পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার এমন পূর্বাভাসে জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে পাহাড়ি ও নিচু এলাকার বাসিন্দাদের অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট সম্ভাব্য ভূমিধস বা জলাবদ্ধতার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।