
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সকালে এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে ৮ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ৪৪ মিলিমিটার থেকে শুরু করে ৮৮ মিলিমিটারেরও বেশি হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে অধিদফতর।
এছাড়া, ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। অধিদফতর নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
আবহাওয়া পরিস্থিতি আরও অবনতি হলে পরবর্তীতে বিশেষ বুলেটিন প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।