
বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে সাভারে অবস্থিত ১১টি অবৈধ বালু বিক্রেতার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকা জেলার সাভার থানাধীন আমিনবাজার ও বালুরঘাট এলাকায় পরিচালিত এ অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখা। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক নয়ন কুমার রায়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: আনাবিয়া ট্রেডার্স, কনফিডেন্ট ট্রেডার্স, নিউ ভাই ভাই এন্টারপ্রাইজ, শাহাদাত এন্টারপ্রাইজ, ফাহিম এন্টারপ্রাইজ, খান এন্টারপ্রাইজ, মেসার্স হাজী এন্টারপ্রাইজ, শ্যামল এন্টারপ্রাইজ (দুইবার), মা ফাতেমা এন্টারপ্রাইজ এবং ব্রাদার্স এন্টারপ্রাইজ।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ ও র্যাব-৪-এর একটি দল সহায়তা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।