
পবিত্র আশুরা উপলক্ষে ৬ জুলাই চট্টগ্রাম মহানগর এলাকায় আয়োজিত তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (৪ জুলাই) সিএমপি থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত তাজিয়া মিছিলে অতীতে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি সঙ্গে নিয়ে অংশগ্রহণ করায় জননিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে এবং নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
এই প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কর্তৃপক্ষ এ ধরনের সবধরনের ধারালো বা আঘাতমূলক অস্ত্র এবং আতশবাজি, পটকা ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে।
সিএমপি জানায়, মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ প্রশাসন নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে, জননিরাপত্তা ও ধর্মীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন।