
উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। রোববার (১ জুন) সকালে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি রেকর্ড করা হয়েছে ৫১.৮৬ মিটার, যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পানির এই বাড়তি চাপের কারণে লালমনিরহাট ও আশপাশের চরাঞ্চলের ৭৬টি চরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এসব এলাকায় হাজারো মানুষ নিচু জমিতে বসবাস করায় তারা শঙ্কিত হয়ে পড়েছেন।
চর ডাউয়াবাড়ীর বাসিন্দা আনোয়ার হোসেন জানান, “বন্যা এলেই ফসল, গবাদিপশু সব হারিয়ে যায়। এবছরও ভয়ে আছি।”
তিস্তা ব্যারাজের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, “পানি বেড়ে যাওয়ায় ব্যারাজের গেট খুলে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”
যদিও পানি উন্নয়ন বোর্ড সরাসরি বন্যার আশঙ্কা না থাকার কথা বলছে, তবু স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতির আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।