
সিলেটের গোলাপগঞ্জে টানা ভারী বর্ষণের কারণে টিলা ধসে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১ জুন) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার লাক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)। পরিবারটি দীর্ঘদিন ধরে একটি টিলার নিচু অংশে বসবাস করে আসছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের গভীরে টিলার একটি বড় অংশ হঠাৎ ধসে পড়ে তাদের বসতবাড়ির ওপর। এতে চারজনই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজে অংশ নেয়। সকাল ৭টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, “টানা বৃষ্টিতে টিলার মাটি নরম হয়ে গিয়েছিল। এ কারণে ধসের ঘটনা ঘটে থাকতে পারে।”
এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।