
দেশজুড়ে মেঘলা আকাশ, দমকা হাওয়া আর বজ্রসহ বৃষ্টির আভাস মিলেছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে। সোমবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।
মঙ্গলবার (২৭ মে):
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
বুধবার (২৮ মে):
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অন্যত্র তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (২৯ মে):
দেশের আটটি বিভাগেই – রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট – অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শুক্রবার (৩০ মে):
এই দিনেও একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে সারাদেশে তাপমাত্রা অনেকটা একই রকম থাকতে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।