
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যেই ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সঙ্গে থাকতে পারে বজ্রপাত এবং বৃষ্টি।
রোববার (১৮ মে) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বইতে পারে।
এর ফলে, উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের কিছু অংশে বইতে থাকা তাপপ্রবাহ আজ কিছুটা প্রশমিত হতে পারে। তবে এ অবস্থা পুরোপুরি কেটে যাওয়ার আগেই বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েক দিন দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে জনগণকে সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নৌপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।