
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে উত্তর বঙ্গোপসাগর। এ অবস্থায় বাংলাদেশের উপকূলবর্তী ১৫টি জেলা ও দ্বীপাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং এতে করে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সতর্ক সংকেত ও নির্দেশনা
এমতাবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া অমাবস্যা এবং নিম্নচাপের সম্মিলিত প্রভাবে নিচের জেলা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলগুলোতে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস প্লাবনের আশঙ্কা রয়েছে:
সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার
মাছ ধরায় নিষেধাজ্ঞা
উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তীরে ফিরে এসে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকতে এবং আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।