ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫

হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়: তেঁতুলিয়ায় রেকর্ড শীত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ । ২৬৮ জন

উত্তরের জেলা পঞ্চগড় হিমেল বাতাসে কাঁপছে। গত কয়েক দিনে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এসেছে, ফলে শীতের প্রকোপ আরও বেড়েছে। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে এলাকা, সকালে সূর্যের দেখা মিললেও বিকেল ৪টার পর তা ফের হারিয়ে যায়।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর তিন ঘণ্টা আগে, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। এটি মৌসুমের সর্বনিম্ন হিসেবে ধরা হচ্ছে।

প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের কারণে তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।”

পঞ্চগড় ও আশপাশের জেলায় গ্রামের মানুষ শীত থেকে রক্ষা পেতে রাত ও সকালে গরম কাপড় পরিধান করছেন। তবে নিম্নআয়ের মানুষদের জন্য তীব্র শীতের কারণে দিন কাটানো কঠিন হয়ে উঠেছে।

শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে শীতজনিত রোগের ভিড়ও দেখা দিয়েছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছেন। যারা বেশি অসুস্থ, তারা হাসপাতালেও ভর্তি হচ্ছেন।

অন্যদিকে, দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও শীতের তীব্রতা কমেনি। বিকেলে পরিস্থিতি আরও শীতল হয়ে ওঠে। আবহাওয়া অফিস জানিয়েছে, সামনের দিনগুলোতেও তাপমাত্রা কমতে পারে, তাই অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।