
নোয়াখালীর হাতিয়া উপজেলায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে রাখা প্রায় ১ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে জ্বালানি পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোটও উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ মে) রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১০০ লিটার ডিজেল ও একটি কাঠের বোট জব্দ করা হয়।
লেফটেন্যান্ট মো. আবুল কাশেম আরও বলেন, জব্দকৃত ডিজেল ও বোট আইনগত প্রক্রিয়া শেষে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।