ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৭৯

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ । ১৮৭ জন

হংকংয়ের একটি বহুতল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনও ২৭৯ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন, তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বুধবার উত্তর হংকংয়ের টাই পো জেলায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট নামের আট ভবনের এই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। আগুন লাগার পর ৩১ তলা ভবনগুলো থেকে ধোঁয়া ও আগুন আকাশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বিভাগ সর্বোচ্চ সতর্কতা ‘লেভেল–ফাইভ অ্যালার্ম’ জারি করে।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বৃহস্পতিবার সকালে মৃত্যুর সর্বশেষ সংখ্যা জানান। এর আগে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে নয়জনকে মৃত ঘোষণা করেছিল।

ফায়ার সার্ভিসের উপপরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান বলেন, প্রচণ্ড তাপমাত্রা, রাতের অন্ধকার এবং ভবনের ধসে পড়া স্ক্যাফোল্ডিংয়ের কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ধ্বংসাবশেষ উদ্ধারের পথে প্রধান বাধা হিসেবে কাজ করছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অনেক বাসিন্দা নিজেদের ফ্ল্যাটে আটকা পড়ে থাকতে পারেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ, তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হংকংয়ে এটিই সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড। এর আগে ১৯৯৬ সালে কাউলুনের গার্লে বিল্ডিংয়ে আগুনে ৪১ জন নিহত হয়েছিলেন।

অগ্নিকাণ্ডের সময় বাঁশের স্ক্যাফোল্ডিং থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১২৮টি ফায়ার ট্রাক ও ৫৭টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। পাশাপাশি কাছাকাছি দুটি কমিউনিটি সেন্টারে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

টাই পো জেলার জনসংখ্যা প্রায় ৩ লাখ। ওয়াং ফুক কোর্টের আটটি ব্লকে প্রায় ২ হাজার ফ্ল্যাটে ৪ হাজার ৮০০ মানুষ বসবাস করেন।