
সিলেট ও আশপাশের এলাকায় সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ২ রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ২৬.৪৭০ উত্তর অক্ষাংশ ও ৯২.৪৩৮ পূর্ব দ্রাঘিমাংশে। কেন্দ্রস্থল ধিং শহর থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে এবং গুয়াহাটি শহর থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে।
সিলেট নগরের জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকার পাশাপাশি দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায়ও কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় প্রশাসন ও কর্মকর্তারা জানাচ্ছেন, ভূমিকম্পের পরে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।