
সিলেট অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সুরমা, কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৯৩.৮ মিলিমিটার এবং আজ দুপুর ১২টা পর্যন্ত আরও ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে জাফলং ও সাদাপাথর পর্যটন এলাকা। তবে কোনো গ্রাম এখনো প্লাবিত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বন্যার আশঙ্কায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।