
সারাদেশে চলছে টানা বৃষ্টিপাত। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ধারা আরও অন্তত পাঁচ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এরপরও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুদিন অব্যাহত থাকতে পারে।
বুধবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পার হয়ে আসাম পর্যন্ত। একইসঙ্গে, মৌসুমী বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
এর ফলে আজ থেকেই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের কিছু জায়গাতেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে।
বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে রোববার (১৩ জুলাই) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
তবে, এ সময়ের মধ্যে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আবার পরে তা কিছুটা হ্রাসও পেতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ৫ দিনের বর্ধিত পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। ফলে আগামী সপ্তাহজুড়ে দেশের অনেক এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি থাকতে পারে টানা বৃষ্টি।