ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাজবাড়ী বাজার, জলাবদ্ধতায় দুর্ভোগে ব্যবসায়ী-ক্রেতারা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬, ১০:৩৪ সকাল

Link Copied!

সামান্য বৃষ্টি হলেই রাজবাড়ী বাজারে সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা ও ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে বাজারের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে চরম দুর্ভোগে পড়ছেন ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা। বছরের পর বছর ধরে এ সমস্যা চললেও স্থায়ী সমাধান মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের।

সম্প্রতি ভারী বৃষ্টির পর রাজবাড়ী বাজারের পালপট্টি, চাল বাজার, ফলের বাজারের প্রবেশপথ, পান বাজার মন্দির, তরকারি বাজারসহ আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, পুরো বাজার এলাকা পানিতে তলিয়ে গেছে। রাস্তায় জমে থাকা নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। একই সঙ্গে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় যানবাহন।

জলাবদ্ধতার কারণে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। আবার অনেক ক্রেতা নোংরা পানি দেখে বাজারে না ঢুকেই ফিরে যাচ্ছেন। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে ড্রেন থাকলেও নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো আবর্জনায় ভরে গেছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ না থাকায় বাজারে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

মুদি দোকানদার শুশান্ত বলেন, সামান্য বৃষ্টি হলেই তরকারি বাজারে হাঁটুসমান পানি জমে যায়। ড্রেন নিয়মিত পরিষ্কার করা হলে এ সমস্যা অনেকটাই কমে যেত। নোংরা পানি দেখে ক্রেতারা ফিরে যাওয়ায় ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তরকারি বিক্রেতা ইমন বলেন, ড্রেনের পচা পানি বাজারে জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। ক্রেতা না আসায় কাঁচা সবজি নষ্ট হচ্ছে। অনেক কর্মচারীও এই পরিবেশে কাজ করতে চান না। বারবার পৌরসভাকে জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মুদি দোকানদার অনুপ জানান, দোকানের সামনে হাঁটুসমান পানি থাকায় তার বাবা দোকানই খোলেননি। একই কারণে আরও অনেক ব্যবসায়ী সেদিন দোকান বন্ধ রেখেছেন।

রিকশাচালক রহমান বলেন, পানি জমে থাকায় রাস্তার গর্ত বা ভাঙা অংশ বোঝা যায় না। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা কামরুল হাসান বলেন, বাজারে ঢুকতে জুতা হাতে নিয়ে ও কাপড় গুটিয়ে হাঁটতে হয়। নোংরা পানির কারণে চর্মরোগের আশঙ্কাও রয়েছে। তাই অনেক সময় বাজারে না ঢুকে বাইরে থেকেই বেশি দামে প্রয়োজনীয় জিনিস কিনতে হচ্ছে।

গৃহিণী রাবেয়া বেগম বলেন, চারদিকে পচা পানির দুর্গন্ধে বাজার করার পরিবেশ নেই। পৌরসভা নিয়মিত কর নিলেও নাগরিক ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

ক্রেতা ইশতিয়াক আহমেদ বলেন, রাজবাড়ী বাজারের জলাবদ্ধতা নতুন কোনো সমস্যা নয়। বছরের পর বছর ধরে একই চিত্র দেখা যাচ্ছে। একটি জেলা শহরের প্রধান বাজারের এমন দুরবস্থা অত্যন্ত হতাশাজনক।

এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক বলেন, চাল বাজার, তরকারি বাজারসহ কয়েকটি স্থানে বৃষ্টির সময় পানি জমার বিষয়টি জানা গেছে। ড্রেনের কিছু সমস্যার কারণে এ পরিস্থিতি তৈরি হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে পৌর কর্তৃপক্ষের আশ্বাসে আস্থা হারিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত ড্রেন পরিষ্কার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে রাজবাড়ী বাজারকে দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করা হোক।

Facebook Comments Box

আরও পড়ুন

সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের পুরোনো মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

৩৫ উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা

ভালো ফলন ও দামে চাঁপাইনবাবগঞ্জের পাটচাষিদের মুখে হাসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু