
কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি, তার স্ত্রী স্টেফানি হলিহান এবং পাঁচ মার্কিন নাগরিক রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে দেশটির সামবুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা পর্যটকরা একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় ঘুরছিলেন এবং সেখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন। একপর্যায়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। কেনিয়া রেড ক্রসের সদস্যরা সেখানে উদ্ধার ও তৎপরতা চালান।
দুর্ঘটনায় পাঁচ মার্কিন নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিহত মার্কিন নাগরিকদের একজন এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজ। তবে বাকি চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজির বয়স হয়েছিল ৪৪ বছর। ২০২৪ সালে তাকে দেশটির স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার মৃত্যুর বিষয়ে ইকুয়েডর সরকার বিস্তারিত কিছু জানায়নি। তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে গোয়েন্দাপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।