
দেশের সাত জেলায় বজ্রপাতসহ ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)। এর মধ্যে কয়েকটি জেলায় অতি ভারী বর্ষণও হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১০টার পর দেওয়া এক সতর্কবার্তায় বিডব্লিউওটি জানায়, আজ রাত ১০টা থেকে আগামী শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালীসহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সময়ে কুমিল্লা, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল ও ভোলা জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়।
বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় এসব অঞ্চলের কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে। লঘুচাপের গতিপথের ওপর নির্ভর করে পূর্বাভাসে সামান্য পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছে বিডব্লিউওটি।