
দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার আশঙ্কাও থেকে যাচ্ছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমের বর্ষা সক্রিয় রয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বেশ সক্রিয়ভাবে বিরাজ করছে। এতে করে বৃষ্টির প্রবণতা বেড়ে গেছে।
সাধারণ জনগণকে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে নদী-নালা ও পাহাড়ি এলাকায় ভ্রমণে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।