
দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা ছয়টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, খুলনা, বরগুনা ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর পাশাপাশি, আবহাওয়া অধিদফতরের গতকালের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (১৮৮ মিমি) বর্ষণ হতে পারে।
এ অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।