
পরিবেশবান্ধব সচেতনতা বাড়াতে এবং একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার রোধে সচিবালয়ে শুরু হয়েছে বিশেষ অভিযান। মঙ্গলবার সকাল থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচিবালয়ের প্রবেশপথে অবস্থান নিয়ে পলিথিন জব্দ ও বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার আগেই সচিবালয়ের ২ ও ৫ নম্বর গেটে এ অভিযান শুরু হয়।
অভিযানের সময় সচিবালয়ে প্রবেশকারী কর্মকর্তা-কর্মচারী ও আগত দর্শনার্থীদের হাতে নিষিদ্ধ পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে জব্দ করা হয়। পরবর্তীতে তাদের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ প্রদান করা হয়। একই সঙ্গে পরবর্তী সময়ে এসইউপি নিয়ে সচিবালয়ে প্রবেশ না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
মনিটরিং টিমের পাশাপাশি সচিবালয়ের সব প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তল্লাশি চালাচ্ছেন, যাতে কেউ একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে ভেতরে প্রবেশ করতে না পারে। এ সময় আগতদের এসইউপি-এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধকরণ কার্যক্রম কেবল শুরু মাত্র। ধাপে ধাপে এ উদ্যোগ সারাদেশের সরকারি অফিসগুলোতে সম্প্রসারণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং টেকসই জীবনধারার প্রসার নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।