
রাজধানী ঢাকায় মঙ্গলবার (৩ জুন) সকালেই নামে এক পশলা বৃষ্টি। দিনের শুরুতে এই শীতলতা থাকলেও আবহাওয়া অধিদফতর জানিয়েছে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেড়ে যেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আদ্রতা ছিল ৯৬ শতাংশ। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২২ মিলিমিটার। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।
আবহাওয়াবিদরা বলছেন, জুন মাসের শুরুতেই এমন আবহাওয়া মৌসুমি বায়ুর সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে, যা আসন্ন বর্ষার পূর্বাভাস হতে পারে।