
শেরপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহরে হামলার বিষয়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয় বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তারা জানিয়েছে, এ ধরনের প্রতিবেদন বিভ্রান্তিকর ও সত্যনির্ভর নয়।
আজ সোমবার (২৬ মে) উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শনে যান। সেখান থেকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে মধুটিলা রেঞ্জে দীর্ঘমেয়াদি বাগান এলাকা পরিদর্শনে রওনা দেন।
পরবর্তীতে মধুটিলায় এক জনসভায় অংশ নিয়ে তিনি হাতির আক্রমণে নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন ও প্রাকৃতিক বন সংরক্ষণের বিষয়ে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয় জানায়, এসব কর্মসূচির কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সফরস্থলের এক স্থানে কিছু সাংবাদিক ও স্থানীয় ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে জানা গেছে, যার সাথে উপদেষ্টার সফরের কোনো সংশ্লিষ্টতা নেই।
পরিবেশ মন্ত্রণালয় অনাকাঙ্ক্ষিত ও অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে।