
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৫৮ দশমিক ৫ কিলোমিটার (৩৬ মাইল) গভীরে সংঘটিত হয়।
ফিলিপাইন ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় এমন কম্পন প্রায়ই অনুভূত হলেও এবার ভূমিকম্পের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো জরুরি সতর্কতা জারির প্রয়োজন হয়নি।