
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রোববারের এই ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পটির ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খবর এএফপির।
জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি আঘাত হানে দুপুরের কিছুক্ষণ আগে। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী লিমার পাশের বন্দর শহর ক্যালাও থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, তাদের পর্যবেক্ষণে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।
পেরুর ন্যাশনাল পুলিশ জানায়, লিমায় ভূমিকম্প চলাকালে একটি দেয়াল ধসে পড়ে এক ব্যক্তির গাড়ির ওপর, এতে তিনি নিহত হন। জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, রাজধানী লিমায় অন্তত পাঁচজন আহত হয়েছে।
ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন এলাকায় ভূমিধসের দৃশ্য টিভি ফুটেজে দেখা গেছে। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের কারণে লিমায় অনুষ্ঠিতব্য একটি বড় ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।
পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে এক বিবৃতিতে জানান, ভূমিকম্প থেকে সুনামি হওয়ার সম্ভাবনা নেই এবং নাগরিকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানান।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত পেরুতে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। প্রতি বছর দেশটিতে গড়ে ১০০টিরও বেশি ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০২১ সালে আমাজন অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যাতে ১২ জন আহত এবং ৭০টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়। ১৯৭০ সালে দেশটির উত্তরাঞ্চলীয় আনকাশ এলাকায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।