
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের প্রত্যাবাসন করা হয়।
জানা গেছে, ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশি নাগরিককে দীর্ঘদিন ধরে লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছিল। দেশে ফেরা ১৭৪ জনের মধ্যে ১৯ জন অসুস্থ রয়েছেন।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার আনুমানিক সকাল ৬টায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিদায় জানাতে বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় তিনি দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দেন।
এদিকে, আগামী ২৫ নভেম্বর লিবিয়ার ত্রিপোলি ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।