
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অন্যতম সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের আবাসস্থল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। অ্যালবাট্রস, পেঙ্গুইন, সামুদ্রিক সিংহ, হাতি সিল ও বিরল প্রজাতির তিমির বিচরণে সমৃদ্ধ এই অঞ্চল। কিন্তু সমুদ্রের গভীরে তেল উত্তোলনের বড় একটি প্রকল্প ঘিরে এখন হুমকিতে পড়েছে এই জীববৈচিত্র্য। তেল ছড়িয়ে পড়া, পানির নিচে শব্দদূষণ এবং জাহাজ চলাচল বৃদ্ধির কারণে সামুদ্রিক প্রাণীদের অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশবিদরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১৩০ মাইল বা ২১০ কিলোমিটার উত্তরে শুরু হতে যাচ্ছে ‘সি লায়ন’ (Sea Lion) নামের গভীর সমুদ্রের তেল উত্তোলন প্রকল্প। নাভিটাস পেট্রোলিয়াম ও রকহপার এক্সপ্লোরেশন যৌথভাবে প্রকল্পটি পরিচালনা করছে। প্রথম দুই ধাপে এখানে ২৩টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। উত্তোলিত তেল প্রক্রিয়াজাত ও সংরক্ষণের জন্য ‘আওকা মিজু’ (Aoka Mizu) নামের একটি উৎপাদনকারী জাহাজ ব্যবহারের কথা রয়েছে, যার দৈনিক তেল প্রক্রিয়াজাত ও সংরক্ষণের সক্ষমতা ৫৫ হাজার ব্যারেল।
তবে প্রকল্পটির পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, তেল উত্তোলনের স্বাভাবিক কার্যক্রমের মধ্যেও সমুদ্রের পানিতে দূষণ ছড়াতে পারে। এ ছাড়া পানির নিচে যন্ত্রপাতির শব্দ, খননকাজের বর্জ্য, শিল্পকারখানার কৃত্রিম আলো এবং জাহাজ চলাচল সামুদ্রিক প্রাণীদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে পারে।
বিশেষ করে তেল ছড়িয়ে পড়লে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। অপরিশোধিত তেল সামুদ্রিক পাখির পালক এবং স্তন্যপায়ী প্রাণীদের শরীরের লোমে আটকে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা নষ্ট করতে পারে। একই সঙ্গে বিষক্রিয়ায় প্রাণহানির ঝুঁকিও রয়েছে।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আশপাশের সমুদ্র শুধু স্থানীয় প্রাণীদের আবাসস্থল নয়, বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি কেন্দ্র। ২০১৯ সালের এক গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্বের মোট কালো-ভ্রুযুক্ত অ্যালবাট্রসের প্রায় তিন-চতুর্থাংশ, সরু-ঠোঁটের প্রিয়ন পাখির অর্ধেক এবং দক্ষিণ রকহপার ও জেন্টু পেঙ্গুইনের প্রায় এক-তৃতীয়াংশের আবাস এই দ্বীপপুঞ্জ।
এ অঞ্চলের সমুদ্রের সঙ্গে প্যাটাগোনিয়ান শেলফের সংযোগ রয়েছে। ফকল্যান্ড স্রোতের ঠান্ডা ও পুষ্টিসমৃদ্ধ পানির কারণে এলাকাটি সামুদ্রিক প্রাণীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য সংগ্রহের ক্ষেত্র। গবেষণায় দেখা গেছে, অ্যালবাট্রসসহ বিভিন্ন সামুদ্রিক পাখি ও স্তন্যপায়ী প্রাণী কয়েক শ থেকে কয়েক হাজার মাইল দূরের আবাসস্থল থেকেও খাবারের সন্ধানে এসব পানিতে আসে।
প্রকল্পটির পরিবেশগত মূল্যায়ন নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ফকল্যান্ডস কনজারভেশন। ২০২৪ সালের আগস্টে প্রকাশিত তাদের এক প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নে ব্যবহৃত সামুদ্রিক পাখি–সংক্রান্ত কিছু তথ্য ২০ বছরেরও বেশি পুরোনো। এমনকি কিছু তথ্যের বয়স ২৪ বছর।
সংগঠনটির মতে, উত্তর সাগরের মতো অঞ্চলে পরিবেশগত মূল্যায়নের জন্য সাধারণত গত পাঁচ বছরের মধ্যে সংগ্রহ করা তথ্যকে ভালো চর্চা হিসেবে বিবেচনা করা হয়। তবে নাভিটাসের দাবি, পুরোনো তথ্যগুলোও পাখিদের বিস্তৃত বিচরণক্ষেত্র বুঝতে কার্যকর এবং সেগুলোর সঙ্গে সাম্প্রতিক গবেষণার তথ্য যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালের জুলাইয়ে সংশোধিত পরিবেশগত প্রভাব মূল্যায়নে নাভিটাস স্বীকার করেছে, প্রকল্পের কারণে কৃত্রিম আলো, পানির নিচের শব্দ, খননবর্জ্য নিঃসরণ এবং তিমিজাতীয় প্রাণীর সঙ্গে জাহাজের সংঘর্ষের ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি কমাতে জাহাজের গতি নিয়ন্ত্রণ এবং সামুদ্রিক পাখি ও স্তন্যপায়ী প্রাণী পর্যবেক্ষণে বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে তেল ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়েও বড় প্রশ্ন রয়েছে। দক্ষিণ আটলান্টিকের প্রতিকূল সমুদ্র পরিস্থিতিতে দুর্ঘটনার পর তেল উদ্ধার করা কঠিন হতে পারে। প্রকল্পের পরিবেশগত মূল্যায়নে একটি সম্ভাব্য সমুদ্রতলের কূপ বিস্ফোরণের পরিস্থিতি মডেল করে দেখা গেছে, উদ্ধার সরঞ্জাম দিয়ে ছড়িয়ে পড়া তেলের মাত্র ৬ দশমিক ৩ শতাংশ সংগ্রহ করা সম্ভব হতে পারে। এতে উপকূলে পৌঁছানো তেলের পরিমাণও কমবে না বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দীর্ঘদিনের বিরোধ নতুন করে জটিলতা তৈরি করেছে। দ্বীপপুঞ্জটি বর্তমানে ব্রিটিশ প্রশাসনের অধীনে থাকলেও আর্জেন্টিনা অঞ্চলটির সার্বভৌমত্ব দাবি করে আসছে। যুক্তরাজ্যের অবস্থান, দ্বীপের বাসিন্দাদের নিজেদের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
গত ৩ সেপ্টেম্বর আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জে দেশটির অনুমোদন ছাড়া তেল ও গ্যাস কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ কঠোর করে একটি ডিক্রি জারি করেন। পরদিন এ ধরনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে ৪৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেয় আর্জেন্টিনা।
পরিবেশগত ক্ষতির আশঙ্কায় গত ১ সেপ্টেম্বর আর্জেন্টিনার পরিবেশ আইনজীবীদের সংগঠন এবং ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের সাবেক সেনাসদস্যদের একটি সংগঠন প্রকল্পটি বন্ধের উদ্যোগ নিয়ে আইনি পদক্ষেপ নেয়। পরে ১৬ সেপ্টেম্বর আর্জেন্টিনার একটি ফেডারেল আদালত পরিবেশগত মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নাভিটাস ও রকহপারকে প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তবে দ্বীপপুঞ্জটি যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকায় ওই নির্দেশ কার্যকর করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বিষয়টি এখন আন্তর্জাতিক আদালতেও গড়িয়েছে। সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (আইটিএলওএস) যুক্তরাজ্যের বিরুদ্ধে মামলা করেছে আর্জেন্টিনা। দেশটির দাবি, সি লায়ন প্রকল্প তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং প্রকল্পটি স্থগিত করা উচিত। আগামী ২৮ নভেম্বর এ বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিবেশবাদীদের আশঙ্কা, একবার সমুদ্রের মধ্যে তেল উত্তোলনের অবকাঠামো স্থাপন করা হলে তা সরিয়ে ফেলা কঠিন হবে। আর্জেন্টিনার পরিবেশ আইনজীবী এনরিক ভিয়ালে মনে করেন, প্রকল্পটি স্থায়ীভাবে চালু হলে এর পরিবেশগত প্রভাব থেকে মুক্ত হওয়া সহজ হবে না।
সব মিলিয়ে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে তেল উত্তোলন নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার সার্বভৌমত্বের বিরোধের পাশাপাশি সামনে এসেছে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার প্রশ্ন। পরিবেশবিদদের মতে, সম্ভাব্য ক্ষতির বিষয়ে বৈজ্ঞানিক অনিশ্চয়তা থাকলেও আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।