
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে আসতে পারে। এ কারণে আগামী কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা থাকবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়, আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। রাতের তাপমাত্রা সামান্য বাড়বে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
৫ নভেম্বর (বুধবার): চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, আর ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
৬ নভেম্বর (বৃহস্পতিবার): চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং ঢাকা-ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমবে।
৭ নভেম্বর (শুক্রবার): চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমবে।
৮ নভেম্বর (শনিবার): সারাদেশে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস: দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে, ফলে শীতের আগমনী অনুভূতি বাড়বে।