ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

রান্নাঘরে নতুন সংকট! আবারও হু হু করে বাড়ল এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ । ৫ জন

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। এবার প্রতি কেজিতে ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে, যার ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, একবারেই ২১২ টাকা বেড়েছে ১২ কেজির সিলিন্ডার।

রোববার (১৯ এপ্রিল) নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম একই দিন সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।

এর আগে চলতি মাসের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে মার্চ মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জাহাজভাড়া বৃদ্ধি পাওয়ায় এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি কেজি এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা, যা অনুযায়ী বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করে থাকে। তবে ভোক্তাদের অভিযোগ, নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বাজারে এলপিজি বিক্রি করা হচ্ছে, বিশেষ করে ১২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে।

এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দাম বাড়িয়ে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি নিয়মিতভাবে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য, বিশেষ করে সৌদি আরবের Saudi Aramco ঘোষিত সৌদি কার্গো মূল্য (সিপি), এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে দেশে এলপিজির দাম নির্ধারণ করা হয়।