
রাজবাড়ী সদর উপজেলায় বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী কন্যাশিশু সাফিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত ছিলেন, তবে সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ৭টার দিকে সুমন মন্ডল তার সাড়ে তিন বছরের মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে দোকানে সওদা করতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে প্রচণ্ড শব্দে শিশুটি তার কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মন্ডল মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের তীব্রতায় সুমনের শরীর ঝলসে গিয়ে তার মৃত্যু হলেও শিশুটি কোল থেকে ছিটকে পড়ে প্রাণে রক্ষা পায়। পরে পরিবারের সদস্যরা জানান, শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
বুধবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সুমন মন্ডলকে দাফন করার কথা রয়েছে।