ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

রাজধানীতে কুয়াশাচ্ছন্ন সকাল, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ । ১৮০ জন

রাজধানী ঢাকায় আজকের সকাল শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার মধ্যে দিয়ে। শীতের প্রভাব থাকলেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টা ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।