
ঢাকায় আজ দিনের বেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
রোববার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে গরম কিছুটা কম অনুভূত হতে পারে।
রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। এর আগের দিন, শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আকাশে মেঘ থাকায় দিনের আবহাওয়া কিছুটা আরামদায়ক থাকতে পারে বলে আশা করছে আবহাওয়া অফিস।
অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে এসব এলাকায় কোনো ধরনের সতর্কতা নেই। কোথাও সংকেত দেখানোর প্রয়োজন নেই। ফলে নদীপথে নৌচলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে অধিদফতর।