
দেশের তিনটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৬ জুলাই) সকালে আবহাওয়াবিদ কে এম নাজমুল হকের সই করা এক সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ১০টা থেকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (১৮৮ মিলিমিটার পর্যন্ত) বৃষ্টিপাত হতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিভারী বর্ষণের ফলে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট সব বিভাগ ও এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকার বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থানে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, এরই মধ্যে খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা ভোগান্তি শুরু হয়েছে বলে জানা গেছে। তবে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
আবহাওয়া অফিসের মতে, আগামী কয়েক দিন দক্ষিণাঞ্চলের ওপর মৌসুমি বায়ুর প্রভাব বজায় থাকতে পারে, ফলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।