
সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের সাত জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই)। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সমুদ্র উপকূল ঘিরেও জারি করা হয়েছে সতর্কতা। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সেখানে ঝড়ো হাওয়া প্রবল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, সক্রিয় মৌসুমি বায়ু আরও কয়েক দিন সক্রিয় থাকতে পারে। ফলে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।