
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে যাত্রীবাহী নৈশ কোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাগীগঞ্জে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় খান পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান।
দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।