
মাগুরা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাগুরা-ফরিদপুর মহাসড়কের বেলনগর ঠাকুরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে রামনগর এলাকা থেকে এক মোটরসাইকেল আরোহী মাগুরার দিকে আসছিলেন। অন্যদিকে, মাগুরা থেকে আরেক মোটরসাইকেল আরোহী রামনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বেলনগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহ ও মিজানুর গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় মাগুরা সদর থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।