
ময়মনসিংহে টানা মুষলধারে বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল ৯টা পর্যন্ত একটানা চলে। এই তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত আবহাওয়া অফিসের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সকাল ৬টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ৬টা থেকে ৯টা পর্যন্ত ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর থেকে টিপটিপ বৃষ্টি অব্যাহত রয়েছে।
টানা কয়েকদিনের বৃষ্টির কারণে জেলার বোরো ধান চাষিরা চরম বিপাকে পড়েছেন। অনেক কৃষক ধান ঘরে তুলতে পারছেন না বলে জানিয়েছেন।
এদিকে সকাল থেকে বৃষ্টির কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি দেখা দিয়েছে।