ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫

মধ্যরাতে বঙ্গোপসাগরের ভূমিকম্পে কেঁপে উঠল টেকনাফ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ । ১৮০ জন

বঙ্গোপসাগরে সৃষ্ট মাঝারি মাত্রার ভূমিকম্পে মধ্যরাতে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, কম মাত্রার হওয়ায় টেকনাফে বেশিরভাগ মানুষ ঝাঁকুনি টের পাননি। যদিও উৎপত্তিস্থলের গভীরতা সম্পর্কে তারা তথ্য দিতে পারেনি, তবে ইএমএসসি জানিয়েছে-ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

এর মাত্র কয়েকদিন আগেই, গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের নানা অঞ্চলে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম তীব্র হিসেবে বিবেচিত হচ্ছে। সেইদিন তীব্র কম্পনে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। অনেকেই জানান, এর আগে এমন ভূমিকম্প তারা কখনও অনুভব করেননি।

হঠাৎ কম্পন অনুভূত হতেই রাজধানীর বিভিন্ন এলাকা-বিশেষ করে বহুতল ভবনগুলোতে-চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মানুষ দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে; বাসাবাড়ি, অফিস, বাণিজ্যিক কেন্দ্র সর্বত্রই সৃষ্টি হয় আতঙ্ক।

নরসিংদীতে উৎপত্তি হওয়া সেই শক্তিশালী ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং ৫ শতাধিক মানুষ আহত হন।

সাম্প্রতিক এই দুই ভূমিকম্প বিশেষজ্ঞদের আবারও সতর্ক করেছে-বাংলাদেশ ভূমিকম্প–ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত হওয়ায় প্রয়োজন আরও সচেতনতা, প্রস্তুতি এবং দুর্যোগ–সহনশীল অবকাঠামো নির্মাণ।