
গত কয়েকদিন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও অনেক এলাকায় বিরাজ করছে ভ্যাপসা গরম। এতে চরম অস্বস্তিতে পড়েছে জনসাধারণ। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে আর্দ্রতা কম ও জলীয়বাষ্প বেশি থাকায় শরীরের ঘাম শুকাতে না পারায় এই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
রোববার (১৩ জুলাই) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা ঢাকা মেইল–কে জানান, বর্তমানে লঘুচাপের সম্ভাবনা নেই, তবে রংপুর অঞ্চলে বিকেলের মধ্যে বৃষ্টি না হলে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ দেখা দিতে পারে। তবে সারাদেশে ব্যাপক তাপপ্রবাহের শঙ্কা নেই।
এদিকে আবহাওয়া অধিদফতরের পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
বিস্তারিত পূর্বাভাস:
আজ রোববার (১৩ জুলাই):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি কমতে পারে।
সোমবার (১৪ জুলাই):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার (১৫ জুলাই) ও বুধবার (১৬ জুলাই):
একই রকম বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই):
বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বর্তমানে দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে। তবে সপ্তাহের শেষে বৃষ্টির প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে।
এই আবহাওয়া পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাইরে বের হলে সঙ্গে ছাতা ও পানি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।