
ভারি বৃষ্টিপাত ও তুষারপাতের ফলে আফগানিস্তানে দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার অবসান ঘটলেও দেশটির বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১১ জন।
হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) হেরাতের কাবকান জেলায় ভারী বৃষ্টির কারণে একটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে একই পরিবারের পাঁচজন সদস্য নিহত হন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে।
আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ)-এর মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানান, সোমবার থেকে দেশটির বন্যা কবলিত বিভিন্ন জেলায় অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে মধ্য, উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, বন্যায় ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে, বহু গবাদিপশু মারা গেছে এবং অন্তত ১ হাজার ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আগে থেকেই ঝুঁকিতে থাকা শহুরে ও গ্রামীণ জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হেরাত-কান্দাহার মহাসড়কের দাশত-ই বাকওয়া এলাকায় আকস্মিক বন্যার স্রোতে একটি ট্রাক উল্টে গেছে। অন্য একটি ভিডিওতে বন্যার তীব্র স্রোতে একটি বাস উল্টে যাওয়ার পর যাত্রীদের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে বেরিয়ে আসার চেষ্টা করতে দেখা যায়।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা