
রাতভর ও সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে অফিসগামী মানুষ, পথচারী ও যানবাহনের চালকদের দুর্ভোগে পড়তে হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে মতিঝিলের প্রধান সড়ক ও আশপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও কোথাও সড়কের বড় অংশ পানির নিচে চলে যাওয়ায় ধীরগতিতে চলাচল করছে যানবাহন। অনেক পথচারীকে পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
টানা বর্ষণে রাজধানীর অন্যান্য এলাকার মতো মতিঝিলেও জনজীবন ব্যাহত হয়েছে। জলাবদ্ধতার কারণে যানজটের পাশাপাশি অফিসগামী মানুষকে অতিরিক্ত সময় নিয়ে কর্মস্থলে পৌঁছাতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।