
বর্ষাকালের নিয়মিত বৃষ্টিপাতে ঢাকার বাতাসে ইতিবাচক পরিবর্তনের ধারা বজায় রয়েছে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় রবিবার (২৭ জুলাই) সকালেও রাজধানীর বায়ুমান ‘মাঝারি’ পর্যায়ে থাকলেও তা ‘ভালো’র কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে আইকিউএয়ার।
সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ৫৮, যা গতকালের ৬৯ স্কোরের তুলনায় কিছুটা উন্নতি নির্দেশ করে। একিউআই স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ বলে গণ্য হয়, তবে ৫০-এর কাছাকাছি মানে বাতাস অপেক্ষাকৃত ভালো ও শ্বাসপ্রশ্বাসের জন্য সহনীয়।
এদিকে, বায়ুদূষণের তালিকায় নিয়মিত শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর আজ আবারও তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। রবিবার সকালে শহরটির একিউআই স্কোর ছিল ১৭০, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। অথচ গতকালই স্কোর কমে ১৪৬ হওয়ায় শহরটি একাদশ স্থানে নেমে গিয়েছিল।
তালিকার শীর্ষে রয়েছে বাহরাইনের মানামা, একিউআই স্কোর ১৭৫। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৬৯।
এদিকে দাবানলের ধোঁয়ার কারণে গতকাল দূষণের শীর্ষে থাকা কানাডার মন্ট্রিয়ালের বাতাসের মান কিছুটা উন্নতি হয়েছে। রবিবার শহরটির একিউআই স্কোর দাঁড়ায় ১৫৪, যা আগের দিনের ১৭৩-এর চেয়ে কম।
কানাডার পরিবেশবিষয়ক সংস্থা এনভায়রনমেন্ট কানাডা জানায়, দেশটির প্রেইরি অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ার কারণে মন্ট্রিয়ালের বায়ু মান খারাপ হয়েছে। এতে করে অঞ্চলটির দৃশ্যমানতাও হ্রাস পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে, যা সব বয়সের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। স্কোর ২০১-৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে নির্ধারিত হয়— বস্তুকণা (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) ও ওজোন (O₃)।
পরিবেশবিদরা মনে করছেন, বর্ষাকালীন বৃষ্টিপাতের কারণে বাতাসের ভাসমান কণাগুলো ধুয়ে গিয়ে বায়ুর মানে উন্নতি ঘটছে। তবে এ সময় শহরবাসীদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি বায়ু দূষণ নিয়ন্ত্রণে টেকসই পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।