
বিশ্বের বিভিন্ন শহরে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে ঢাকাও মেগাসিটি হিসেবে ব্যাপক বায়ুদূষণের শিকার হলেও সম্প্রতি রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির দিকে। তবুও মাঝে মাঝে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছে যায়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২২তম স্থানে রয়েছে ঢাকা। এই স্কোর দূষণের দিক থেকে ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, একই সময়ে ১৫৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি (১৩২), তৃতীয় স্থানে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (১৩০), চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১২৪) এবং পঞ্চম স্থানে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা (১১৯)।
বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়।
এ ছাড়া, একিউআই ২০১ থেকে ৩০০ হলে তা খুব অস্বাস্থ্যকর ধরা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থদের বাইরে যাওয়া সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোর হলে তা ঝুঁকিপূর্ণ, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বিশ্লেষকরা বলছেন, ঢাকার বায়ুমান মাঝারি পর্যায়ে নামলেও, টেকসই পদক্ষেপ ছাড়া এটি পুনরায় অস্বাস্থ্যকর মাত্রায় ফিরে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে।