বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) গ্রিনিচ মান সময় সকাল ৯টা ১০ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড-এর দাম ১৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৩৪ ডলারে নেমেছে।
অন্যদিকে, আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের মে মাসের সরবরাহমূল্য ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে। জুন মাসের জন্য এর দাম ২০ সেন্ট কমে ৮৭ দশমিক ২১ ডলারে নেমেছে।
এর আগে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং একটি ইরানি জাহাজ আটকের ঘটনায় সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৯ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনায় বাজারে স্বস্তি ফিরলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত। সংঘাত আবার শুরু হলে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা দামকে আবারও বাড়াতে পারে।
পিভিএম অয়েল অ্যাসোসিয়েটসের বিশ্লেষক টমাস ভার্গা বলেন, বিনিয়োগকারীরা আশা করছেন যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে অন্তত মেয়াদ বাড়ানোর একটি সমঝোতা হবে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, শান্তিচুক্তি না হলে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা খুবই কম। চুক্তি না হলে স্থানীয় সময় ২২ এপ্রিল সন্ধ্যা থেকে ইরানে পুনরায় সামরিক অভিযান শুরু হতে পারে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ শেষ হবে ২২ এপ্রিল। এর আগে ইসলামাবাদ-এ শান্তিচুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি।


