
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল টেক্সাসে আকস্মিক বন্যায় অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (৫ জুলাই) এই তথ্য জানায় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, প্রবল ঝড়বৃষ্টির ফলে নদীর পানি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ২৯ ফুট পর্যন্ত বেড়ে যায়, যা পূর্বাভাসের চেয়ে অনেক বেশি। এই ভয়াবহ বন্যা ট্রাভিস, কার, এবং আশপাশের বেশ কয়েকটি কাউন্টিকে ক্ষতিগ্রস্ত করেছে।
ট্রাভিস কাউন্টির পাবলিক ইনফরমেশন অফিসার হেক্টর নিয়েতো জানান, এই কাউন্টিতে অন্তত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছে। এদিকে গুয়াডালুপে নদী এলাকায় একসঙ্গে ১৫ ইঞ্চিরও বেশি বৃষ্টিপাতের ফলে ৮৫০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। অনেককে গাছের ডালে আটকে থাকা অবস্থায় উদ্ধার করতে হয়েছে।
বন্যায় নিখোঁজদের মধ্যে ‘ক্যাম্প মিস্টিক’ নামক একটি সামার ক্যাম্পের ২৭ জন কিশোরীও রয়েছে। কারভিল শহরের সিটি ম্যানেজার ডাল্টন রাইস জানান, “আমরা যাদের নিখোঁজ হিসেবে শনাক্ত করেছি তাদের সংখ্যা ২৭। তবে বাস্তবে সংখ্যাটা এর চেয়েও অনেক বেশি হতে পারে।”
কার কাউন্টির বিচারক রব কেলি বলেন, “আমরা জানতাম নদীর পানি বাড়তে পারে, কিন্তু এভাবে মুহূর্তে সবকিছু ভাসিয়ে নেবে, সেটা কেউই ভাবেনি।”
শেরিফ ল্যারি লাইথা জানান, যেসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ১৭ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, এর মধ্যে পাঁচজন শিশু।
মার্কিন আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কার কাউন্টির জন্য জারি করা জরুরি ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা এখন কিছুটা শিথিল করা হয়েছে। তবে বৃহত্তর অঞ্চলের জন্য আগামী সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্যা সতর্কতা কার্যকর থাকবে। উল্লেখযোগ্যভাবে, এই অঞ্চলে বছরে স্বাভাবিক বৃষ্টিপাতের অর্ধেকের বেশি মাত্র একদিনেই হয়েছে।
উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং স্বেচ্ছাসেবীরা প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছেন নিখোঁজদের সন্ধানে।